সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলা থেকে আবারও পাথর লুট, আটক ব্যবসায়ীর কা’রাদণ্ড

প্রকাশিত: 3:51 PM, November 16, 2025

সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলা থেকে আবারও পাথর লুট, আটক ব্যবসায়ীর কা’রাদণ্ড

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে পাথর লুটের ঘটনায় অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার টুকেরবাজার এলাকায় ট্রাকভর্তি পাথরসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া আটক মনির হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মনির হোসেন (৩৫) কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুরের খায়ের গাঁও এলাকার বাসিন্দা। টুকেরবাজার এলাকায় তাঁর একটি স্টোন ক্রাশার মিল রয়েছে। শাহ আরেফিন টিলা থেকে লুট হওয়া পাথর তিনি মজুত করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে জানা গেছে।

রবিবার দুপুরে মনির হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সরকারি খাস খতিয়ানের ১৩৭ দশমিক ৫০ একর জমির ওপর অবস্থিত শাহ আরেফিন টিলা।

জনশ্রুতি রয়েছে- প্রায় ৭০০ বছর আগে হজরত শাহজালাল (রহ.)-এর অন্যতম সফরসঙ্গী হজরত শাহ আরেফিন (রহ.) এই পাহাড়ি এলাকায় ভ্রমণকালে টিলার চূড়ায় বিশ্রাম নিতেন। তাঁর নামেই টিলার নামকরণ।

টিলাটির লালচে- বাদামি আঠালো মাটির নিচে রয়েছে বড় বড় পাথরের স্তর। দীর্ঘদিন ধরে এসব পাথর অবৈধভাবে উত্তোলনের ফলে টিলার প্রায় ৮৫ শতাংশ অংশ ধ্বংস হয়ে গেছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ঘটনাটি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ