১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন: শাবিপ্রবি উপাচার্য

প্রকাশিত: 6:35 PM, November 14, 2025

১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন: শাবিপ্রবি উপাচার্য

দীর্ঘ ২৮ বছর পর আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯ টায় শাবিপ্রবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী।

উপাচার্য বলেন, ‘শাকসু নির্বাচনের জন্য ভোটার তালিকার কাজ প্রায় শেষের দিকে। শিগগিরই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন। আশা করি দীর্ঘ ২৮ বছর পর সবাই মিলে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে ভোট দিতে পারেন সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচন কমিশন সুন্দর ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে। আমরা নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করবো না।’

এর আগে গতকাল বৃহস্পতিবার নির্বাচনের তফসীল ঘোষণা নিয়ে ভিসি সংবাদ সম্মেলনে করার কথা ছিল। কিন্তু ভিসির সেই সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আন্দোলনে নামেন।

এসময় তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

পরে রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান শুক্রবার তফসিল ঘোষণার আশ্বাস দিলেও অবরোধ চালিয়ে যান শিক্ষার্থীরা।

এক পর্যায়ে রাত ১টার দিকে ঘটনাস্থলে আসেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

এসময় তারা শুক্রবার (আজ) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে আগামী মাসের ১০ তারিখের মধ্যে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে-এমন আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষোব্দ শিক্ষার্থীরা।

দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচন আয়োজন করতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যে নির্বাচন পরিচালনায় গঠনতন্ত্রসহ ওয়েবসাইট উদ্বোধন করেছে নির্বাচন কমিশন।

এ সংক্রান্ত আরও সংবাদ