প্রকাশিত: 7:19 PM, November 12, 2025
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় দুটি ট্রলারসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যের দখলদার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
এ ঘটনা বুধবার (১২ নভেম্বর) সকালে ঘটে।
বিকেলে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া ঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।
তিনি জানান, দুটি ট্রলারসহ জেলেদের অপহরণের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অপহরণের ফলে স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ধরে নেওয়া ট্রলারের একজন মালিক মো. সৈয়দ আলম বলেন, ‘বুধবার সকালে টেকনাফের কয়েকটি ট্রলার সেন্ট মার্টিনের দক্ষিণে মাছ ধরার জন্য জাল ফেলেছিল। এ সময় দ্রুতগতির স্পিডবোটে চড়ে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা ওই এলাকা থেকে দুটি ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে যায়। এরই মধ্যে কিছু ট্রলার পালিয়ে সেন্ট মার্টিনে আশ্রয় নেয়। অপহৃত ট্রলার ও জেলেদের বর্তমানে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের একটি খালে আটকে রাখা হয়েছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘ট্রলারসহ কিছু জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমরা ট্রলার মালিকদের কাছ থেকে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
বিজিবির তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ৩৪১ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়েছে। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে ও ২৭টি নৌযান ফেরত আনা সম্ভব হয়েছে। অবশিষ্ট আরও ২০টি ট্রলারসহ ১৫২ জনকে ফেরত আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, আরাকান আর্মির কার্যক্রমের কারণে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ শিকার কার্যক্রম পুরোপুরি ব্যাহত হয়েছে।


নির্বাহি সম্পাদক ও পরিচালকঃ নাজমুল কবীর পাভেল
উপ সম্পাদক: জুমা কবির মীম
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
প্রধান সম্পাদক: আল মুত্তাকিম কবীর সোহান
চিফ রিপোর্টারঃ আল মুক্তাধির কবির রোহান
আইটি এডিটর: মাসুম আহমেদ
২৫/ডি জালালী আম্বরখানা, সিলেট ৩১০০ ইমেইল : pavel.syl@gmail.com ফেইসবুক পেইজ : Facebook মোবাইল: +8801712540420
Design and Developed by Web Nest